২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। আগের অর্থবছরের তুলনায় এ রাজস্ব ৫ কোটির বেশি বা প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের (এমপি) হাতে এই অর্থের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি, ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ডাক বিভাগ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "নগদ না থাকলে বাজারে একচেটিয়া পরিস্থিতি তৈরি হবে। সেটি হতে দেওয়া হবে না। প্রতিযোগিতামূলক বাজার ধরে রেখে নগদকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।" তিনি নগদ নিয়ে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নগদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, নগদের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে। ভবিষ্যতে ডাক বিভাগ ও নগদের যৌথ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠান লাভজনক হতে পারে না—এ ধারণাকে ভুল প্রমাণ করেছে নগদ। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে নগদ সরকারের কোষাগারে ৯৪৬ কোটি টাকা কর এবং ডাক বিভাগকে মোট ৪৭ কোটি টাকা রাজস্ব দিয়েছে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং গ্রাহকস্বার্থ রক্ষায় নগদের অবদান উল্লেখযোগ্য। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়েও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের মার্চে যাত্রা শুরুর পর থেকেই নগদ ডাক বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। চুক্তি অনুযায়ী, প্রযুক্তি ও পরিচালনাসহ প্রয়োজনীয় সব বিনিয়োগ করে নগদ লিমিটেড। সেবা পরিচালনায় ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগ নেই। তবে সেবা থেকে অর্জিত আয়ের ৫১ শতাংশ পায় বাংলাদেশ ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পায় নগদ লিমিটেড।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, এ পর্যন্ত আয়ের অংশ হিসেবে ডাক বিভাগকে মোট ৪৭ কোটি টাকা দিয়েছে নগদ। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ভ্যাট ও অন্যান্য কর বাবদ সরকারকে ৩১৩ কোটি টাকা পরিশোধ করেছে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে নগদের মাধ্যমে মোট ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার তুলনায় ২৫ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সময়ে নগদের সক্রিয় গ্রাহক সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হয়েছে সোয়া দুই কোটির বেশি।