সরকারি তথ্য ও উপাত্ত সংগ্রহে কোনও ধরনের গড়মিল, অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা গ্রহণেও সঠিক পরিসংখ্যানের কোনও বিকল্প নেই।’
মঙ্গলবার (১১ আগস্ট) ‘নৌযান শুমারি ২০২৬’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। এ কারণে সরকারের নীতি ও পরিকল্পনার ভিত্তি হিসেবে ব্যবহৃত তথ্য অবশ্যই নির্ভুল, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হতে হবে।’
তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে পেশাদারত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রথমবারের মতো নৌযান শুমারি
নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এই শুমারি চলবে। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এ তথ্য জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নৌপথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় পণ্য পরিবহনে নৌপথের গুরুত্ব অনেক। নৌপথের কার্যকর ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব।’’
নৌযান শুমারি পরিচালনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে শুমারি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পেশাদারত্ব ও সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক প্রমুখ। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌযান শুমারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘১৮০ দিনে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’ 







