জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাতের দোকানি মো. আফজাল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রতন দেওয়ানকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক খন্দকার সালেহ্ আবু নাঈম।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণে ঘটনার সঙ্গে রতন দেওয়ানের সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির রিমান্ড শুনানি না থাকায় তাকে আদালতের এজলাসে তোলা হয়নি।
এর আগে গত ৭ আগস্ট সন্ধ্যায় রাজধানী থেকে রতন দেওয়ানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলার এজাহারে তাকে ১৮৫ নম্বর আসামি করা হয়েছে।
যেভাবে হত্যা
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ফুটওভার ব্রিজের নিচে বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন ফুটপাতে ভ্রাম্যমাণ মনিহারি দোকানি মো. আফজাল হোসেন।
ওই সময় আন্দোলন দমনে পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের ছোড়া গুলিতে আফজালের পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আফজাল হোসেনের ভাই বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।









