গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রো যাচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
হামাসের একটি সূত্র আনাদোলুকে জানিয়েছে, খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন ‘উচ্চপর্যায়ের নেতৃত্বের প্রতিনিধিদল’ মিসরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে ফিলিস্তিন ইস্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তি আরও সুদৃঢ় করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলে আরও রয়েছেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে সংগঠনটির প্রধান খালেদ মেশাল, পশ্চিম তীরের প্রধান জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের প্রধান বাসেম নাঈম।
ট্রাম্প ঘোষিত একটি চুক্তি নেতানিয়াহু প্রত্যাখ্যান করার পর হামাসের এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই চুক্তিতে হামাস অস্ত্র সমর্পণ করবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিরাপত্তার দায়িত্ব নেবে- এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল।
বোর্ড অব পিসের এক কর্মকর্তা গত সপ্তাহে আল জাজিরাকে জানিয়েছিলেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগামী সপ্তাহে জেরুজালেম সফর করবেন। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।
কুশনারের সঙ্গে থাকবেন বোর্ড অব পিসের সদস্য ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। বর্তমানে তিনি গাজার জন্য বোর্ডটির হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, জেরুজালেমে আলোচনা শেষে এই তিন কর্মকর্তা কায়রোতেও যাবেন। সেখানে তারা মিসরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ফুড ট্রাকে লুকানোর আগেই ফাঁকা বুলি বন্ধ করুন: ট্রাম্পকে ইরানের কটাক্ষ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি







