সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে

নওগাঁ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ১০:০৩আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:০৩

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ বাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাই উপজেলায় পৌঁছায়। এর আগে এ দিন বিকাল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

মরদেহগুলো আত্রাইতে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মরদেহগুলোকে এক নজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এক সঙ্গে সাত জনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে ৯ জন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর সাত জন হলেন– আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, একই গ্রামের মোহন আলী ও সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের মরদেহ এসেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান।

ইউএনও বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতটি মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। 

/আরকে/
সম্পর্কিত
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা হলো একসঙ্গে
সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সর্বশেষ খবর
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
হিমালয়ে উষ্ণতা বাড়ছে, হিমবাহ গলছে: নেপালের বন্যা কি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত
হিমালয়ে উষ্ণতা বাড়ছে, হিমবাহ গলছে: নেপালের বন্যা কি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি