ফরিদপুরে আবারও বাড়তে শুরু করেছে হামের উপসর্গ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৪০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ শিশু ভর্তি হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলছেন, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। একই সময়ে আক্রান্তের হারও আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন করে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য বিভাগ।
তিনি অভিভাবকের উদ্দেশে বলেন, এখনও যে শিশুকে হামের টিকা দেওয়া হয়নি তাকে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করুন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ২১ শিশু। মৃতদের অধিকাংশের বয়স এক বছরের নিচে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ হিস সায়াদ বলেন, শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন আরও বলেন, গত ৪/৫ দিনে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়ার পাশাপাশি এবং অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে জটিলতা অনেকটাই কমানো সম্ভব। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, অসুস্থ শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে গত তিন দিনে ১১০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নতুন করে সংক্রমণ বাড়ছে কি না, তা পর্যবেক্ষণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ বলে জানান তিনি।









