এসএসসিতে পাস করতে না পেরে ৭ শিক্ষার্থীর মৃত্যু, কাঁদছেন বাবা-মা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৯:১৩আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৯:১৩

চলতি বছর এসএসসিতে অকৃতকার্য হওয়ার খবর শোনার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছে অন্তত সাত শিক্ষার্থী। এর মধ্যে রাজশাহীর বাগমারায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, কুষ্টিয়ার ভেড়ামারায়, চট্টগ্রামের বাকলিয়ায়, শেরপুরের নকলায়, গোপালগঞ্জের মুকসুদপুরে ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একজন করে শিক্ষার্থী আত্মহত্যা করে। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্তানদের হারিয়ে কাঁদছেন তাদের বাবা-মা।

রাজশাহীতে একজনের মৃত্যু

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। কারিনা পাল নামের ওই ছাত্রী সোমবার এসএসসির ফল প্রকাশের পর দুপুর সাড়ে ১২টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মেয়ের মৃত্যুর খবরে কাঁদছেন বা-মা। মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান, গনিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু প্রমুখ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসির ফল প্রকাশের পর কারিনা জানতে পারে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করেছে। পরে নিজ ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। উদ্ধার করে পরিবারের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

‎চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, ‘কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনও সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবার পরীক্ষায় অংশ নিতে পারতো।’

‎বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু

শিবগঞ্জে এসএসসিতে ইংরেজিতে অকৃতকার্য হয়ে বিষপানে হালিমা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। হালিমা খাতুন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফল প্রকাশের পর হালিমা জানতে পারে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় হতাশ হয়ে বিষপান করে। উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, ‘বেলা ২টা ৪০ মিনিটের দিকে হালিমাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ‘এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

কুষ্টিয়ায় একজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া জাহান কুচিয়ামোড়া গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে। সে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয় তানিয়া। ফল প্রকাশের পর হতাশ হয়ে রাতে নিজ ঘরে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে খবর দিলে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

চট্টগ্রামে একজনের মৃত্যু

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আদনানুজ্জামান নিহাল পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয়। সে কালামিয়া বাজার এলাকার মো. আনিসুজ্জামানের ছেলে। সোমবার ফল প্রকাশের পর পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দেয়।

বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবির বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এসএসসি পরীক্ষায় ফেল করায় ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। আমরাও বিষয়টি তদন্ত করে দেখছি।’

শেরপুরে একজনের মৃত্যু

শেরপুরের নকলায় এসএসসিতে অকৃতকার্য হওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দিয়ামনি অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী। সোমবার রাতে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

দিয়ামনি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে চরবাছুর আলগী গ্রামের দুলাল মিয়া মেয়ে। তিন মেয়ের মধ্যে সবার ছোট অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফল প্রকাশিত হলে অকৃতকার্য হওয়ায় সারাদিন মন খারাপ করে ঘরে বসেছিল। রাতে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রাত ৩টার দিকে বাবা-মা ওই ঘরে গেলে ঝুলে থাকা অন্তির লাশ দেখতে পান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয় অন্তি। পরিবার জানিয়েছে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

গোপালগঞ্জে একজনের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভি বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।

অভি বিশ্বাস উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অভি জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুরে একজনের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল শুনেই মৃত্যু হয়েছে চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শামীমা আক্তার মুন্নির। সে এসএসসি পরীক্ষায় দুই বিষয় অকৃতকার্য হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নির মৃত্যু নিয়ে এলাকায় নানামুখী গুঞ্জন রয়েছে- অনেকেই জানান ফলাফল মেনে নিতে না পেরে মুন্নি আত্মহত্যা করেছে; তবে পরিবারের দাবি স্ট্রোক করে মৃত্যু হয়েছে।

মৃত শামীমা আক্তার মুন্নি চেড়িয়ারা ষষ্ঠী বাড়ির শামীম হোসেনের মেয়ে। তার চাচা ইকবাল হোসেন জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিল না। মুন্নি অসুস্থ হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ জানান, মুন্নি এ বছর এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এটি দুঃখজনক। তবে কোনও শিক্ষার্থীকে এ ধরনের পদক্ষেপ না নিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

/এএম/ 
সম্পর্কিত
প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
সর্বশেষ খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি