কুবি ছাত্রীদের ১৮ মাসের অপেক্ষা শেষ হয়নি ৪৫ মাসেও

কুবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে ১৮ মাসের অপেক্ষা শেষ হয়নি ৪৫ মাসেও। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত 'শেখ হাসিনা ছাত্রী হল' বা দ্বিতীয় ছাত্রী হল নির্মাণের কাজ ২০১৭ সালের মার্চ থেকে শুরু হয়ে ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে ৪৫ মাস।

নির্ধারিত সময়ের থেকে প্রায় তিন গুণের কাছাকাছি সময় পার করেও প্রকল্পের কাজ শেষ করতে পারেনি আব্দুর রাজ্জাক জেবিসিএ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে কাজ দ্রুত শেষ হবে বলে বারবার প্রশাসনের আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপও দেখা যায়নি। প্রশাসনের সুষ্ঠু তদারকির অভাবেই প্রকল্প বাস্তবায়নে এমন ধীরগতি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাচ পাশ করে বের না হওয়া ও নতুন শিক্ষাবছরে আরও ছাত্রী ভর্তি হওয়ায় একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে বিপুল ছাত্রীর চাপে স্বাস্থ্যঝুঁকি বাড়বে ও আবাসন সংকট অসহনীয় হবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এই প্রসঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলে থাকা নিয়ে। ছাত্রীদের তুলনায় হলে পর্যাপ্ত পরিমাণ থাকার জায়গা নেই। এক রুমে গাদাগাদি করে ৮-১০ জন থাকতে হয়। আর যদি দ্বিতীয় ছাত্রী হল নির্মাণ তাড়াতাড়ি হতো, তাহলে আমাদের থাকার সমস্যা সমাধান হতো।'

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতেগোনা কয়েকজন শ্রমিক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মিতব্য হলের কাজ। যার ভেতরের অংশ ও রুমগুলো পলেস্তরা লাগানো হলেও বাইরে এখনও পলেস্তরা লাগানো হয়নি। এছাড়া জানালায় গ্রিল লাগালেও দরজা এবং জানালার কাচ লাগানো হয়নি। ফ্লোর টাইলস করা ও বিদ্যুৎ সংযোগের কাজও হয়নি।

ঠিকাদার মো. জাহাঙ্গীর আলম এ ব্যাপারে বলেন, 'করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট ছিল। কাজ করাতে পারিনি তেমন। করোনার আগে কাজ দ্রুত গতিতেই চলছিল। এছাড়াও প্রশাসনিক নানান জটিলতার কারণেও দেরি হয়েছে। সময়মত টাকা পাই না। আর প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ায় এখন একটু সমস্যা হচ্ছে। প্রজেক্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেছি। আশা করি এই বছরের অক্টোবরের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো।'

এর আগে ২০১৯ সালের নভেম্বরেও তিনি দুই-তিন মাসের ভেতর ও চলতি বছরের জানুয়ারি মাসেও কাজ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রকল্পের কাজ এখনও শেষ করতে পারেননি।

এদিকে তত্ত্বাবধারক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান ঠিকাদারকে দোষারোপ করে বলেন, 'টাকা, শ্রমিক ও মালামাল এ তিনটি জিনিস ঠিক থাকলে খুব দ্রুত কাজ সম্ভব। ঠিকাদারদের এগুলো ঠিক ছিল না বিধায় কাজ এত দেরি হচ্ছে। এ ৩টি জিনিসের সমন্বয় করেনি ঠিকাদার।'

তিনি আরও বলেন, ‘কার্যাদেশের যে টাকা বরাদ্দ আছে, সেই কাজই শেষ করতে পারেনি ঠিকাদার। ঠিকাদার কাজের গতি কমিয়ে বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার চেষ্টা করছে। এখন ঠিকাদার আবার চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন।'

হল নির্মাণ সম্পন্ন করতে আরও কত সময় লাগবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. আবু তাহের জানান, 'হলের কাজের যে সময়সীমা ছিল তা শেষ হয়ে গেছে। ঠিকাদার আবার সময় বৃদ্ধির আবেদন করেছে। প্রকল্পের সময় শেষ হয়ে যাওয়ায় ঠিকাদারকে টাকা দেওয়ায়ও সমস্যা হচ্ছে। এখন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ আসলে আমরা টাকা দিতে পারবো। আর তাদের সঙ্গে কথা হয়েছে। আশা করি, আগামী অক্টোবরের ভেতরে কাজ শেষ হবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায় 
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায় 
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু