শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির উপযোগী দক্ষ মানবসম্পদ। কারিগরি শিক্ষা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করে জাতীয় অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
শনিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কোনও রাজনৈতিক দলের গণ্ডির মধ্যে আবদ্ধ নন, তাকে জাতীয়ভাবে ধারণ করতে হবে। স্বাধীনতার সুফল পেতে হলে জাতির পিতার দর্শনকে বিবেচনায় নিয়ে দেশ পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে দেশে উৎপাদনমুখী দক্ষ জনগোষ্ঠী সৃষ্টিতে শিক্ষা মন্ত্রণালয় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।






