বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজনীতিকরা। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পৃথক পৃথক শোক বার্তার তার মৃত্যুতে সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বঙ্গবীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।
মওদুদের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদ মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণমূলক তথ্যবহুল বাংলায় এবং ইংরেজিতে বই লিখেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম। আর দেশ একজন অভিজ্ঞ আইনবিদ, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান হারালো।’
মওদুদ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম এবং এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
মওদুদ আহমেদের মৃত্যুতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রয়াত মওদুদ আহমদ দেশ ও জাতির কল্যাণে অনেক কীর্তি গড়েছেন। এক কিংবদন্তী রাজনৈতিক নেতার জীবনাবসান হলো। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।’
ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। বেশিরভাগ সময় একপক্ষে রাজনীতি করেছি। তিনি জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যি সত্যিই খুব ইমপ্রেসিভ ছিল। সে জন্য তিনি আমার বয়সে ছোট হলেও প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন। সুন্দর সেন্স অফ হিউমার ছিল। রাজনীতির জন্য তিনি এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিলেন। যারাই রাজনীতি করতেন তাদের সঙ্গে তার সখ্য এবং বন্ধুত্ব ছিল। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা বংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলেছিল। তার চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করেছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।








