ফেনী পৌরসভার নব নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ভোটের দুইদিন পর নিজের নির্বাচনি পোস্টার অপসারণ করতে মাঠে নেমেছেন। এসময় নিজের পোস্টার নিজেই সরিয়ে অন্য প্রার্থীদের অল্প সময়ের মধ্যে তাদের পোস্টার সরিয়ে নিতে অনুরোধ করেন তিনি। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ট্রাংক রোড এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নিজের নির্বাচনি পোস্টার অপসারণের কাজ শুরু করেন তিনি।
নব নির্বাচিত ও ফেনীর ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়রের এই কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন পৌরবাসী। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শপথের পূর্বেই কাজে নেমে গেছেন মেয়র এর জন্য তারা অনেক খুশি। ইতোপূর্বে দেখা গেছে নির্বাচনের পরে পোস্টারগুলো দিনের পর দিন ঝুলে থাকতো। এতে করে শহর অপরিষ্কার হতো এবং সৌন্দর্য নষ্ট হতো। এবার নির্বাচনের দুইদিন পরই এসব পোস্টার অপসারণের মাধ্যমে নতুন মেয়র নতুন দিনের শুভ সূচনা করলেন। এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
স্বপন মিয়াজী বলেন, পৌর নির্বাচন উপলক্ষে শহরে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। সকল প্রার্থী সমানতালে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন। কিন্তু নির্বাচনের পরে এসব পোস্টার ও প্রচারণার সামগ্রী শহরের সৌন্দর্য নষ্ট করছে। তাই আমি আমার পোস্টার সরিয়ে নিয়েছি। আমি আশা করছি অন্য প্রার্থীরাও নিজেদের পোস্টার সরিয়ে নেবেন। এতে করে আমাদের শহর তার পুরোনো রূপ ফিরে পাবে।
নগর পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে স্বপন মিয়াজী বলেন, গেজেট হোক, শপথ গ্রহণ করি তারপর পরিকল্পনা অনুযায়ী আগাবো। এ শহরের দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা মাথায় রয়েছে। আস্তে আস্তে তা বাস্তবায়ন করবো। অল্প কিছুদিনের মধ্যেই নান্দনিক শহরে পরিণত হবে ফেনী।
পোস্টার অপসারণের সময় তার সঙ্গে থাকা ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম বলেন, নাগরিকদের পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য আমাদের প্রার্থীর এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করছি এ শহরের আমূল পরিবর্তন তার হাত ধরেই আসবে।









